
ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বায়ুদূষণকারী ১০টি অবৈধ ইটভাটাকে অক্ষত রেখে ৬০ লাখ টাকা জরিমানা আদায়সহ কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মামুন। এতে ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জেসমিন আক্তার, পরিদর্শক নয়ন কুমার রায় উপস্থিত ছিলেন। এসময় সহযোগিতা করেন স্থানীয় র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
জরিমানা আদায় শেষে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন সাংবাদিকদের বলেন, বৈধ কাগজপত্র না থাকায় ডেমরান এলাকার বিবিস ব্রিকস, হাটিপাড়ার ফোরস্টার ব্রিকস, ইমন ব্রিকস, কাটাবৈয়ের নুর ব্রিকস, রূপাবতী এলাকার পিএইচ ব্রিকস, চন্দ্রপাড়ার স্টার ব্রিকস, ভাড়ারিয়ার এইচএম ব্রিকস, মালঞ্চ এলাকার হালাল ব্রিকস, ভাড়ারিয়ার নেম ব্রিকস ও ডেমরান এলাকার স্টাইল ব্রিকস অভিযান চালানো হয়েছে। প্রত্যেক ইটভাটাকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়। এসময় প্রত্যেক ইটভাটাকে কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ সময় ১০টি ইটভাটা অক্ষত রেখে শুধুমাত্র জরিমানা করে বায়ুদূষণরোধ করা সম্ভব কিনা জানতে চাইলে সাংবাদিকদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরবর্তীতে আবার অভিযান পরিচালনা করা হবে। তবে সরেজমিন গিয়ে জানা গেছে, চন্দ্রপাড়া, শাইলবাড়ি, হাটিপাড়া ও ডেমরান এলাকায় কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামালউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়সহ মাদ্রাসা সংলগ্ন ১০টি ইটভাটার একটিতেও অভিযান চালানো হয়নি শুধুমাত্র ৬ লাখ টাকা করে জরিমানা নেওয়া হয়েছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে ইটভাটার মালিকরা জানিয়েছেন, কোন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়নি। শুধুমাত্র হাটিপাড়ার ফোর স্টার ব্রিকসের অফিসে বসে ১০টি ইটভাটা কর্তৃপক্ষকে ডেকে নিয়ে ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply