
ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন নাহিদ হোসেন শুভ (২৮) নামে এক তরুণ। ১৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ধামরাই উপজেলার রৌহা এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের বড় ছেলে। সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, সকালে নাহিদ মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জয়পুরা এলাকায় মহাসড়কের অপরিকল্পিত ডিভাইডারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কের মাঝখানে অনিয়মিতভাবে গড়ে তোলা ডিভাইডার পরিবহন চালকদের জন্য ভয়াবহ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা সুজন বলেন, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিছুদিন পরপরই কারও না কারও প্রাণ যায়। সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতায় মানুষ মারা যাচ্ছে, অথচ কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নিহতের বন্ধু রাজিব আহমেদ জানান, আমরা একসঙ্গে এইচএসসি পাস করেছি। পরিবারের বড় সন্তান হিসেবে নাহিদই সংসারের ভার কাঁধে নিয়েছিল। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাহিদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক আর আহাজারি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার এখনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক ট্রাকটি শনাক্তে অভিযান চলছে।
Leave a Reply