
সংবাদ রিপোর্ট: সাভার পৌরসভার পরিধি বাড়ছে। আশুলিয়া ও আমিনবাজারকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৮ আগস্ট মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার বিভাগের পাঁচ স্তরের নির্বাচন আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন। এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে।
মীর শাহে আলম আরও জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাভার-আশুলিয়া অঞ্চলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসে প্রতিমন্ত্রীর আরেক বক্তব্যে। তিনি জানান, আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে সাভার পৌরসভার পরিধি বাড়ানোর বিষয়েও উদ্যোগের কথা বলা হয়েছে।
এর আগে আমিনবাজার-হেমায়েতপুর অংশে দীর্ঘদিনের বর্জ্য অপসারণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম প্রতিমন্ত্রী পরিদর্শন করেন। ওই এলাকায় দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণ করে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের কাজ চলছে। প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply