
সংবাদ রিপোর্ট: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার সাভার উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সভায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী দুর্গাপূজায় কোনো ধরনের আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব বিভাগের প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি না ঘটে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি দাঙ্গা-হাঙ্গামা থেকে সবাইকে বিরত থাকতে হবে। স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতৃবৃন্দকে সজাগ থেকে আগামী দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সর্বদা কাজ করার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কথিত সরকারের কথিত ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন যাতে দেশে অরাজকতা সৃষ্টি করার সুযোগ না পায়, সে বিষয়েও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সভায় সাভারের বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের বক্তব্য তুলে ধরেন। তারা দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল আলম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সাভার হাইওয়ে থানার প্রতিনিধি এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। সভায় আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply