
সংবাদ রিপোর্ট: সাভারের আমিনবাজারে পুলিশ বাহিনীর স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে ঘটনায় সন্দেহভাজন আরও দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৭ সেপ্টেম্বর সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়। আটক দুজন হলেন- শুকুর ও রাবিক। তবে সদ্য গ্রেপ্তার হওয়া ৮ জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, র্যাব-৪, র্যাব-১০ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার ও আটক করে। তিনি বলেন, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নতুন করে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক দুইজনের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেলে তাদেরও গ্রেপ্তার দেখানো হবে। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন বর্তমানে র্যাব হেফাজতে রয়েছেন। এছাড়া এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অন্যতম আসামি জহিরুলকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলাকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বরদেশী পশ্চিমপাড়া এলাকার ‘এড্রইট ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত এসআই আলতাব হোসেন পরে মারা যান। তিনি সাভারের বরদেশী এলাকায় বসবাস করতেন। এ ঘটনার পরদিন ৬ সেপ্টেম্বর রবিবার সকালে নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী মোছা. শিউলী পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply