
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া থানা এলাকায় বিএনপির স্থানীয় এক নেতাকে বাজারের ব্যাগে গুলি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
শনিবার ভোর ৫টার দিকে বাসার ফটকের সামনে ব্যাগটি প্রথমে দেখতে পান ওই বিএনপি নেতা। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ব্যাগটি জব্দ করে। ব্যাগটিতে ছিল কাফনের কাপড়, গুলি, আতর, সাবান, গোলাপজল ও একটি চিঠি।
হুমকি পাওয়া নেতার নাম ইসমাইল হোসেন মোল্লা। তিনি উপজেলার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে প্রাথমিক প্রচারণা চালাচ্ছেন।
চিঠিতে লেখা ছিল, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দেবে, নিজেও বুঝতে পারবেন না। কারণ, এই জগৎসংসারে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষবিদায়ের সব কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয়, নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে সালাম দিতে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি- অদৃশ্য মুসাফির।’ এ বিষয়ে ইসমাইল হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, ‘এত দিন তো ভেবেছিলাম, আমার কোনো শত্রু নেই। এখন তো দেখছি শত্রু আছে।’ তিনি বলেন, ‘কে বা কারা হুমকি দিয়েছে, তা বুঝতে পারছি না। তবে এই হুমকিকে আমি পরোয়া করি না। আমি প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।’ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগটি উদ্ধার করা হয় বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম,অপস ও ট্রাফিক ঢাকা উত্তর) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরা যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
Leave a Reply