
সংবাদ রিপোর্ট : সাভারে গত ছয় মাসে সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডে মশিউর রহমান খান সম্রাট ওরফে ‘মেন্টাল সম্রাট’ নামের এক ভবঘুরে যুবক জড়িত বলে দাবি করেছে পুলিশ। ১৯ জানুয়ারি সোমবার দুপুরে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) আরাফাতুল ইসলাম। তিনি সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এর আগে ১৮ জানুয়ারি রবিবার রাতে সাভার থানা এলাকা থেকে মশিউর রহমান খান সম্রাটকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার সম্রাট সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার মরহুম সালামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় ভবঘুরে হিসেবে ঘুরে বেড়াতেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, সম্রাট একজন ভবঘুরে ব্যক্তি। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন পুলিশের পোশাক পরে লাঠি হাতে চলাফেরা করতেন এবং বিভিন্ন স্থানে অসংলগ্ন কথা বলতেন।
তিনি জানান, প্রায় সাত মাস আগে সাভার পৌর এলাকার মডেল মসজিদের পাশে আসমা নামে এক বৃদ্ধাকে প্রথমে হত্যা করে সম্রাট। এরপর ২৯ আগস্ট রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টারে এক যুবককে হাত-পা বেঁধে হত্যা করা হয়। পরবর্তীতে ১১ অক্টোবর রাতে একই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডের এক মহল্লায় অবস্থিত পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের পোড়া লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একাধিক হত্যাকাণ্ডের পর পৌর কমিউনিটি সেন্টারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। সেই ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রবিবাররে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় আসামি হিসেবে মেন্টাল সম্রাটকে শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে এসব ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতার সম্রাটকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এদিকে উদ্ধার হওয়া ছয়টি লাশের মধ্যে সাভার বাসস্ট্যান্ডের পাশে মডেল মসজিদ সংলগ্ন স্থান থেকে উদ্ধার হওয়া এক নারীর পরিচয় শনাক্ত হলেও বাকি পাঁচজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী, ওসি (অপারেশন) হেলাল উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply