
সংবাদ রিপোর্ট: সাভারে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৮ জানুয়ারি শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, ২৭ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের জামিল উদ্দিনের ছেলে মো. মহিন উদ্দিন (৩৮) এবং ফরিদপুর জেলার ভাংগা উপজেলার নাজিরপুর সাতবর বাড়ী গ্রামের মো. রাশেদুল হকের ছেলে মো. হাবিব উল্লাহ (৩১)। ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ ও এসআই (নিঃ) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোট ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে আটক মো. মহিন উদ্দিনের কাছ থেকে সাড়ে তিন কেজি (৩ কেজি ৫০০ গ্রাম) এবং মো. হাবিব উল্লাহর কাছ থেকে দেড় কেজি (১ কেজি ৫০০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঘটনাস্থলসহ এর আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply