
স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা আজ শুরু করেছে ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেদের অভিযান। পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে আজ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে খেলতে নেমেছিল লিওনেল মেসির দল, প্রতিপক্ষ ছিল ইউকয়েডর। এ ম্যাচেও মেসির দুর্দান্ত গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে আলবিসেলেস্তেরা। ঘরের মাঠ ব্যুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্টালে আজ ইকুয়েডরের বিপক্ষে খেলতে নেমেছিল বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনির দল। কাতার বিশ্বকাপের পর চারটি প্রীতি ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ধারা বজায় রাখতেই আজ মাঠে নেমেছিল আকাশী নীল-সাদা জার্সি ধারীরা। তবে খেলার শুরু থেকেই আর্জেন্টিনা আজ ছিল ছন্দহীনতায়। গতবিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচেও ১ গলে এগিয়ে থাকার পরও ইকুয়েডরের কাছে শেষ মুহুর্তে গোল হজম করায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল মেসিদের। এবারও যেন আর্জেন্তাইনদের রুখে দেয়ায় লক্ষ্য নিয়েই নেমেছিল প্রতিপক্ষরা। প্রথমার্ধ্বে বল দখল এবং আক্রমণে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও কম যায়নি ইকুয়েডরও। সুযোগ বুঝে বারবার আর্জেন্টিনার রক্ষণে চিড় ধরিয়েছে তারা। গড়ে তুলেছে প্রতিপ আক্রমণ। এদিকে মেসির দলও পারেনি প্রথমার্ধ্বে লক্ষ্যে কোনো শট নিতে। ফলে গোল শূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। এদিকে শুরুতে এগিয়ে যেতে না পারায় মেসি এবং তার সতীর্থ বিরতির পর থেকেই যেন আক্রমণের ধার বাড়িয়ে দিতে শুরু করে। প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতা বের করে বল নিয়ে এগিয়ে যেতে থাকে গোল করার লক্ষ্যে। কিন্তু তবুও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। তবে ম্যাচের শেষের দিকে ৭৮ মিনিটের সময় ময়জেস কেইসেদো ফাউল করে বসেন লাউতারো মার্টিনেজকে। ফলে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। ডি-বক্সের কাছে বিপজ্জনক জায়গা থেকে তখন ফ্রি-কিক নিতে এগিয়ে আসেন লিওনেল মেসি। এবং বরাবরের মত এবারও সফল হয়েছেন তিনি। তার নেয়া শট দুর্দান্তভাবে খুঁজে নেয় জালের ঠিকানা যা চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না প্রতিপক্ষের গোল রক্ষকের। শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় মেসির গলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
Leave a Reply