1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

আশুলিয়ায় ‘ক্রিম আপা’র বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণ করার অভিযোগে মামলা হয়েছে। মামলার পর থেকে পলাতক রয়েছে শারমিন শিলা। ১০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাভারের আশুলিয়ায় বসবাসকারী শারমিন শিলা পেশায় একজন বিউটিশিয়ান। এর পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করতেন। শারমিন শিলা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত। তিনি তার ছেলে-মেয়েকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। সেসব ভিডিওতে দেখা যায়, ছেলে-মেয়ের সঙ্গে মাতৃসুলভ আচরণ না করে মানসিকভাবে নির্যাতন ও ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন কাজ করতে বাধ্য করতেন শারমিন শিলা। সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বলেন, শারমিন শিলা তার বাচ্চাদের নিয়ে যোগাযোগমাধ্যমে ভিউ বাড়াতে নিষ্ঠুর আচরণ করেন। এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিশু আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার পর থেকেই শারমিন শিলা পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন শারমিন শিলা, যা পরবর্তীতে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, শারমিন শিলা তার মেয়ে শিশুকে জোর করে এক হাত দিয়ে মুখে চাপ দিয়ে ধরে হা করিয়ে জোর করে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। এ ছাড়াও তিনি তার ছেলে-মেয়েদের ক্যামেরার সামনে এনে জোর করে চুলকাটা, রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :