
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ আগস্ট রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে শনিবার রাতে আশুলিয়ার জামগড়া ও ভাদাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা কাওসার আহমেদ (পিতা: সাকিম আলী শেখ, গ্রাম পশ্চিম নওয়াপাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ) এবং আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন (৩৬) (পিতা: নুর মুহাম্মদ, ভাদাইল পূর্বপাড়া আমতলা, আশুলিয়া)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর জামগড়া সরকারি প্রাইমারি স্কুল এলাকা থেকে কাওসার আহমেদকে এবং পরে ভাদাইল আমতলা এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার হতাহতের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ রয়েছে। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply