
সংবাদ রিপোর্ট: সাভারে জেলা পরিষদের বেদখল হওয়া জমি উদ্ধার এবং উন্নয়ন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ২৫ এপ্রিল শনিবার দুপুরে সাভারের মুক্তিমোড় এলাকায় সাভার প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, সাভার প্রেস ক্লাবের জন্য জমিসহ একটি নতুন ভবন নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি সাভারে জেলা পরিষদের বেদখল হওয়া সব জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হচ্ছে। মুক্তিমোড়ে অবস্থিত সাভার পৌর কমিউনিটি সেন্টার ভেঙে সেখানে আধুনিক কমিউনিটি সেন্টারের পাশাপাশি একটি বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনাও রয়েছে। ইয়াসিন ফেরদৌস মুরাদ আরও বলেন, জেলা পরিষদের কোনো জমি অবৈধভাবে কেউ দখল করে রাখতে পারবে না। কেন্দ্রীয় নির্দেশনায় ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে তিনি সাভারের বিভিন্ন এলাকায় দখল হয়ে যাওয়া জেলা পরিষদের জমি সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন খানসহ বিএনপির যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরবর্তীতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বেদখল হওয়া জমি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
Leave a Reply