
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় পৃথক অভিযানে ৩২৯ গ্রাম হেরোইন ও ২৬০ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। ২ জুন রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে গতকাল শনিবার সকালে আশুলিয়া মুজারমিল বাসস্ট্যান্ড ও একইদিন রাতে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রপ্তার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—রাজশাহী জেলার মো. তরিকুল (৫৪), ঠাকুরগাঁও জেলার আজগর আলী (৩৬) ও রংপুর জেলার অমল চন্দ্র বিশ্বাস (৩৭)। তারা সবাই পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার মুজারমিল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। ৩২৯ গ্রাম হেরোইন উদ্ধার করে তরিকুল নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে রাতে আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতার আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করেন। পরে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply