
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ‘মাদক কারবারে বাধা দেওয়ায়’ এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ১৫ এপ্রিল বুধবার বিকালে আশুলিয়ার শ্রীখন্ডিয়া মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুবুর রহমান। নিহত ফয়সাল মোল্লা (৩৫) আশুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হুমায়ুন মোল্লার ছেলে। মাদক কারবারকে কেন্দ্র করে ফয়সালকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তার বাবা হুমায়ুন মোল্লা বলেন, “এখানে একটি হাউজিং আছে। ওই হাউজিংয়ে প্রকাশ্যে দুই যুবক বাইরের পোলাপাইন দিয়ে মাদক বিক্রি করাত। তারা যাতে ব্যবসা না করতে পারে এজন্য আমার ছেলে একজনের মোবাইল নিয়ে গেছিল। পরে আবার সেই মোবাইল দিয়েও দিছে। এরপর একজন আমাকে একদিন ফোন করে বলে, সে নাকি আমার ছেলেকে মাইরা ফ্যালাবে। আজকে বিকালে শুনতে পাই আমার পোলাকে মাইরা ফ্যালাইছে। আমি এর বিচার চাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এসআই মাহবুবুর রহমান বলেন, ফয়সাল নিজেও একজন মাদকসেবী ছিলেন যা তার বাবা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। যারা তাকে হত্যা করেছে তারা তার সাথের লোকজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা মেরেছে এবং কেন মেরেছে বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Leave a Reply