
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি ও বাংলাদেশি জাল টাকাসহ রফিকুল ইসলাম রফিক (৪২) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৭ আগস্ট রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন। এর আগে ১৬ আগস্ট শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাখরখাঠী এলাকার মৃত মান্নান সিকদারের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় বসবাস করছিলেন। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ভারতীয় ৩৯ হাজার ৫০০ জাল রুপি (৫০০ রুপির ৭৯টি নোট) এবং বাংলাদেশি ১ লক্ষ ১৬ হাজার জাল টাকা (৫০০ টাকার ২৩২টি নোট) উদ্ধার করা হয়। ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া, ধামরাইসহ আশপাশের এলাকায় জাল টাকা ও ভারতীয় জাল রুপির কারবার করে আসছিল। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply