
সংবাদ রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে বিভিন্ন তদবিরের কথা বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়াসহ চাঁদা দাবির অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাচ, ওয়াকিটকিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ১৬ মার্চ রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির।
এরআগে শনিবার বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা গ্রুপের সামনে থেকে ভুয়া কর্নেলসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। তারা একাধিক মানুষের সাথে মামলা বাণিজ্য ও তদবিরের কথা বলে প্রতারণা করেছে বলে জানায় পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো-মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জয়মন্টব গ্রামের শেখ মজিবর রহমানের ছেলে মোঃ একেএম আমিনুর রহমান মেজর (৫৩) ও তার গাড়ির ড্রাইভার শেরপুর জেলার শ্রীবর্দী তানার রানী শিমুল গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫০)। এ ঘটনায় শাহিনুল হক নামে একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্জিনা ইয়াসমিন ডলি (৪৫) নামে একজন এনজিও কর্মীর সাথে অটোরিক্সায় পরিচয়ের সূত্র ধরে মোঃ এ কে এম আমিনুর রহমান মেজর ওই নারীকে ফোন করে তার এনজিও প্রতিষ্ঠান খুবই ভাল চলছে জানিয়ে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এরপর ১৩ ফেব্রুয়ারী বিকেলে এনজিও কর্মী ওই নারীর বাসায় গিয়ে ভয়ভীতি দেখায়ে এক লক্ষ সত্তর হাজার টাকা নিয়া যায়।
এর কয়েকদিন পর এ কে এম আমিনুর রহমান মেজর আবারও ফোন করে আট লক্ষ ত্রিশ হাজার টাকা পরিশোধ করার জন্য চাপ সৃষ্টি করে জানায় তার বোন জামাই শাহিনুল হকও সেনাবাহিনীর সেকেন্ড কমান্ড হিসাবে দায়িত্বে আছে।
পরবর্তীতে ১৫ মার্চ দুপুর আড়াইটর দিকে এ কে এম আমিনুর রহমান মেজর বাদীকে ফোন করে চাঁদার অবশিষ্ট টাকা নিয়ে সাভার পৌরসভার মজিদপুর এলাকার পাকিজা নীট কম্পোজিট গার্মেন্টস কারখানার সামনে যাইতে বলে। ওই মেজরের কথামতো বিকেল ৩ টারদিকে এনজিও কর্মী মার্জিনা ইয়াসমিন এবং তার প্রতিষ্ঠানের এ্যাডমিন ম্যানেজার মোঃ আলমাছ (৫২) পাকিজা নীট কম্পোজিট গার্মেন্টস কারখানার সামনে ভুয়া মেজরকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির আল আহসান ঘটনাস্থলে পৌঁছে এ কে এম আমিনুর রহমান মেজর ও তার গাড়ির চালককে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে একটি মোটরলা ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর ফোর স্টার ক্যাপ, বাংলাদেশ সেনাবাহিনী ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) লোগো বিশিষ্ট স্টিকার ও একটি কালো রংয়ের প্রাইভেটকার (নং-ঢাকা মেট্রো গ-২৩-৯৬০২) জব্দ করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির জানান, গ্রেপ্তারকৃতরা প্রতারণার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছে চাঁদা দাবিসহ বিভিন্নভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার বিকেলে পাকিজা গার্মেন্টসের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার হয়। রবিবার তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় গ্রেপ্তর দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply