
সংবাদ রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে যারা দ্বিধায় রয়েছেন তারা সংখ্যায় খুবই কম। তারা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন। সাহস থাকলে দেশে এসে কথা বলুক। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে, তখন এসব অপপ্রচারকারীদের মুখে কালি পড়বে। এ সময় তিনি আরও জানান, র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনকালে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply