
সংবাদ রিপোর্ট: সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার এসআই শহীদুজ্জামান এবং আশুলিয়ার থানার এসআই সাইফুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে অপারেশন ডেভিল হান্টে সাভারের বনগাঁও ও আশুলিয়ার গাজীরচট আড়িয়াড়ার মোড় এলাকা থেকে তাদেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সাভার থানাধীন বনগাঁও ইউনিয়নের বেরাইদ গ্রামের মালেক মীরের ছেলে আওয়ামী লীগ নেতা মোহর মীর (৪৬), আশুলিয়ার গাজীরচটের আড়িয়াড়ার মোড় এলাকার সাহাজুদ্দিন খানের ছেলে মোঃ সবুজ উদ্দিন খান (২৬) ও একই এলাকার আলফাজ উদ্দিনের ছেলে সেলিম রেজা (২৫)। এদের মধ্যে মোহর মীর থানা আওয়ামী মীগের কার্যনির্বাহী সদস্য, সেলিম রেজা ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সবুজ উদ্দিন খাঁন যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মোহর মীরের বিরুদ্ধে সাভার-আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাচেষ্টা মামলা, হাউজিং কোম্পানিতে চাঁদাবাজির মামলা ও রাজধানীর রামপুরা থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে শুক্রবার রাতে আশুলিয়ার আড়িয়ারা মোড় থেকে গ্রেপ্তারকৃতক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও যুবলীগ কর্মীর বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার মামলা রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। শনিবার দুপুরে তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply