
সংবাদ রিপোর্ট : সাভারে ইতি খানম (৩৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনা ঘটেছে। রডের আঘাতে তিনি আহত হয়েছেন। ৯ মার্চ রবিবার দুপুরে সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত ইতি খানম কালিয়াকৈর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তিনি সাভার থানার ভেতরে কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন। হামলাকারী সোহেল একজন গাড়ি চালক বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে কনস্টেবল ইতি খানম নিজ কর্মস্থলে রিকশাযোগে যাচ্ছিলেন। এ সময় লোহার রড হাতে সোহেল বাবু নামে এক ব্যক্তি কোন কারণ ছাড়াই পুলিশ পরিচয় পেয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। মারধরের এক পর্যায়ে তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় ইতিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে পুলিশ কনস্টেবল ইতি খানম জানান, “আমার ডিউটি চলে কালিয়াকৈর থানায়। আমার প্রতিবন্ধী বাচ্চাকে রেখে আসতে দেরি হওয়ায় রাস্তায় জ্যামে পড়ি, নারী ও শিশু ভিক্টিম সাপোর্ট সেন্টারে ডিউটি চলে, তাই রিকশা চালককে দ্রুত এক পাশ দিয়ে যাইতে বলি। এসময় সোহেল নামের ওই ড্রাইভারকে অনুরোধ করে বলি, ভাই আমার ডিউটি চলে, আমাকে একটু যাইতে দেন, আমি পুলিশের লোক। এ কথা বলার সাথে সাথে আমাকে বলে- তুই পুলিশের লোক! তোর পুলিশের মাইরে! বলেই আমাকে মারতে শুরু করছে, রড দিয়ে মারতে শুরু করছে। আমি লাঠি ধরছি, একবার লাঠি পরে গেছে তারপর ওই লাঠি উঠায়ে আবারও আমাকে রিকশায় বসা অবস্থায় সমানে পিটানো শুরু করছে। এক্সরে করছি, আমার পুরা পা ফ্যাক্সার হয়ে গেছে। এ বিষয় আমি সাভার থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা বলেন, ওই নারী কনস্টেবল কালিয়াকৈর থানায় কর্মরত রয়েছে। সাভারের থানা রোডে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা তা তদন্ত করে ব্যবস্থা নিবো। শেষ খবর পাওয়া পর্যন্ত নারী কনস্টেবলের উপরে হামলাকারী ওই ব্যক্তি বিএনপি নেতা আহসানুল্লাহর গাড়ি চালক বলে জানা গেছে। সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ তার গাড়ি চালককে চাকুরী থেকে বরখাস্ত করে পুলিশের হাতে তুলে দিয়েছেন । আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহসানুল্লাহ সব মহলের প্রশংসা কুড়িয়েছেন।
Leave a Reply