
সংবাদ রিপোর্ট: দেশে চলমান লোডশেডিংয়ের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে এবং শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যেই ১২ আগস্ট বুধবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাবের আয়োজনে উদ্বোধন করা হয়েছে ‘বৃক্ষ ও তাঁত মেলা’। মেলায় আলোকসজ্জা, নাগরদোলা ও বিভিন্ন বৈদ্যুতিক রাইডসহ নানা আয়োজন রয়েছে। ফলে লোডশেডিংয়ের সময়ে মেলায় বিপুল বিদ্যুৎ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে গত ১০ দিনে সাভারের তিনটি স্থান থেকে রাইস কুকার ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও সিটিটিসির বোমা নিষ্ক্রিয় দল। এতে মেলার নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মেলার লিখিত অনুমতি নেই। তবে জেলা প্রশাসক বিষয়টি জানেন। তিনি বলেন, সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির বাইরে যাওয়ার সুযোগ নেই। পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, সরকারের নির্দেশনা অমান্য করার সুযোগ নেই; সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। তবে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা জানান, জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকের কাছ থেকে এক মাসের জন্য মেলার অনুমতি নেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় নীতির নতুন নির্দেশনা অনুযায়ী মেলার সময়সূচি পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।
Leave a Reply