
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে পড়ে আলম ইসলাম (২৭) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। ১ জুলাই বুধবার দুপুরে আশুলিয়ার ছয়তলা রূপায়ন হাউজিং এলাকার তৌহিদ উদ্দীনের মালিকাধীন নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে ওই রাজমিস্ত্রীর মৃত্যু হয়। নিহত আলম ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার কুমারপাড়া এলাকার আব্দুল ওয়াহবের ছেলে। তিনি আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন। পুলিশ জানায়, সকালে আশুলিয়ার ছয়তলা এলাকায় রূপায়ন হাউজিংয়ে আলম রাজমিস্ত্রীর কাজ করতে যান। পরে দুপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে একটি রশি দিয়ে আলম নিচে নামেন। পরে হঠাৎ রশি ছিঁড়ে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। এরপরে ওই রাজমিস্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ হারুন অর রশীদ জানান, মৃত অবস্থায় ওই রাজমিস্ত্রীকে হাসপাতালে আনা হয়েছিল এ বিষয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই রাজমিস্ত্রী রশি দিয়ে সেপটিক ট্যাংকে নেমেছিলেন। পরে রশি ছিঁড়ে নিচে পড়ে তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Leave a Reply