1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে ১৬৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ১

  • আপডেট সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে ১৬৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি কালো রঙের বিষ্ণু মূর্তিসহ মো. দেলোয়ার হোসেন (৬১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা মূল্যের এই মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সাভারে এনে রাখা হয়েছিল। ১০ অক্টোবর শুক্রবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর। এর আগে ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একেএইচ টাওয়ারের বিপরীতে ফুটওভার ব্রিজের নিচ থেকে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর দারুসসালাম থানার মিরপুর-১ খালেক পাম্প সংলগ্ন দারুসসালাম টাওয়ারে বসবাস করছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ওয়ালটন ফ্রিজের পুরনো কার্টনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৬৫ কেজি। তিনি আরও জানান, মূর্তিটি বিভিন্ন ব্যক্তির হাতবদলের মাধ্যমে দেশের বাইরে পাচারের চেষ্টা চলছিল। সর্বশেষ এটি আমিনবাজার এলাকার এক ব্যক্তির কাছ থেকে দেলোয়ারের কাছে আসে। উদ্ধারকৃত মূর্তিটির বাজারমূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা বলে জানা যায়। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশিক ইকবাল, এসআই মো. আমির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :