
সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশের অভিযানে গরু চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭টি চোরাই গরু। ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের প্রথম ধাপে ২ আগস্ট শনিবার রাত ৩টা ৩০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করা হয়। মো. বাবু মোল্লা (৩৩), পিতা–আওয়াল মোল্লা, সাঁথিয়া, পাবনা, মো. আল আমিন শেখ (৪৩), পিতা–কাদের শেখ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের দলের আরও সদস্য শাহজাদপুর এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় একই দিন দুপুর ২টা ৫০ মিনিটে ডিবির চৌকস দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুই চোরকে গ্রেপ্তার করে। ফজলুল হক (৪৮), পিতা–আমজাদ মোল্লা শাহজাদপুর, শফিকুল সরদার (৩৮), পিতা–গফুর সরদার, শাহজাদপুর। এ সময় তাদের হেফাজত থেকে ৭টি চোরাই গরু উদ্ধার করা হয়। ডিবি জানায়, এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে গরু চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত গরুগুলো গাজীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply