1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

জামালপুরে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙে নিজেদের বাড়ি

  • আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক: জামালপুরের ইসলামপুর উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জাতীয় পতাকার রঙে নিজেদের বাড়ি রাঙিয়েছেন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি ও নেইমার দ্য সিলভা সান্তোসের দুই ভক্ত। তাও একই গ্রামে, পাশাপাশি স্থানে। বাড়ি দুটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেকে। ওই দুই ভক্ত হলেন ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা পূর্বপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিনহাজ ইসলাম এবং একই এলাকার বাদশা আলমের ছেলে শামীম হাসান। মিনহাজ ইসলামপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি প্রতিবেশী শামীম হাসানের দেখাদেখি তার বাড়িকে রাঙিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে। তিনি জানান, প্রতিবেশী শামীম হাসান যেমন মেসি ও আর্জেন্টিনার ভক্ত, তেমনি তিনিও নেইমার ও তার দেশ ব্রাজিলের ভক্ত। তাই বাবার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে বাড়িকে প্রিয় দেশ ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে তোলেন। মিনহাজ ইসলাম বলেন, যে যাই বলুক, এবারের বিশ্বকাপে ফেবারিট টিম ব্রাজিল। তাই এবারের বিশ্বকাপ তার পছন্দের দেশ ব্রাজিলের ঘরে উঠবে। মিনহাজ ইসলামের এক বাড়ি পরেই ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত শামীম হাসানের বাড়ি। পাঁচ ভাইবোনের সবার ছোট শামীম হাসান ইসলামপুর ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শামীম হাসান জানান, ছোটকাল থেকেই তিনি মেসির ভক্ত। পড়াশোনার পাশাপাশি একটি দোকান পরিচালনা করেন। সেই দোকানের জমানো টাকা থেকেই গত তিন মাস আগে তার বাড়িকে রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে। যার মাঝখানে রয়েছে মেসির ছবি। ছবির একপাশে রয়েছে মাতৃভূমি বাংলাদেশের পতাকাও। তার দেখাদেখি মিনহাজ নামের তার এক প্রতিবেশী তার বাড়িকে রাঙিয়েছেন তার পছন্দের দেশ ব্রাজিলের পতাকার আদলে। শামীম হাসানের ভাষ্য, এবারের বিশ্বকাপে তার দল আর্জেন্টিনা সবার সেরা। আসন্ন কাতার বিশ্বকাপে তার দল আর্জেন্টিনা কাপ নেবে। মিনহাজ ও শামীমের এ ফুটবল উম্মাদনা দেখে এলাকাবাসীও মুগ্ধ। তাই ছোট্ট এ গ্রামটিতে শুরু হয়েছে আসন্ন কাতার বিশ্বকাপের আমেজ। মেসি ও নেইমার ভক্তরা রাত-দিন খুনসুটি চালিয়ে যাচ্ছেন পাড়া-মহল্লা, চায়ের স্টলে। কথা হয় স্বপন, ছানোয়ার, শরিফ মিয়া, রুবেলসহ আরও অনেকের সঙ্গে। তারা বলেন, তাদের এ ছোট্ট গ্রামটি এখন জামালপুর জেলাসহ সারাদেশেই ভাইরাল। এখন সবাই এ গ্রামটিকে ‘মেসি এবং নেইমারের গ্রাম’ বলেই চেনেন। এটা সম্ভব হয়েছে শুধু মেসি এবং নেইমারের দুই ভক্তের উন্মাদনার কারণে। গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারী বলেন, ‘ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের যুবসমাজের মধ্যে সবসময়ই উন্মাদনা বিরাজ করে। শামীম হাসান ও মিনহাজ ইসলামের এমন কাজ আমার এলাকায় বিরল। দূর-দূরান্ত থেকে মানুষজন বাড়ি দুটোকে প্রতিদিনই দেখতে আসেন। আমি নিজেও গিয়েছিলাম ওদের বাড়িতে।’ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও জামালপুর সুমন স্মৃতি একাদশের হেড কোচ আমিন রানা বলেন, এ দেশের মানুষ ফুটবল মানেই আর্জেন্টিনা ও ব্রাজিলকেই বুঝে থাকে। এবারের বিশ্বকাপে সব দলই একটি ব্যালেন্স টিম। তাই এবারের কাপটি কাদের ঘরে উঠতে যাচ্ছে তা হয়তো বলা মুশকিল। তিনি আরও বলেন, ফুটবল নিয়ে শামীম হাসান ও মিনহাজ ইসলামের পাগলামি আগেই শুনেছেন। সরাসরি তাদের সঙ্গে তার দেখা না হলেও ফুটবলের প্রতি তাদের এমন ভালোবাসাকে তিনি সাধুবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :