
সংবাদ রিপোর্ট: সাভারের রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাভার জেলা পরিষদ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মাদবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগকে সফল করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ছেলেদের জন্য ফুটবল এবং মেয়েদের জন্য রশি বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন মাদবর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলা এবং ক্রীড়াচর্চার প্রসারে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে উপস্থিতরা সাধুবাদ জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছের চারা রোপণ এবং পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।
Leave a Reply