
সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৭ মার্চ শুক্রবার বিকেল থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। সাধারণ জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নাগরিক কমিটির পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সাভারের উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং একটি আধুনিক নগর গড়ে তোলার প্রত্যাশা থেকেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এটি জনগণের ভালোবাসা ও আস্থারই প্রতিফলন। প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “এই সংবর্ধনা শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়; এটি সাভার ও আশুলিয়ার সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি এই ভালোবাসার মর্যাদা রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই। তিনি আরও বলেন, আমরা সাভার ও আশুলিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত, মাদকমুক্ত ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও বাসযোগ্য অঞ্চল গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষে স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি শুভকামনা জানান এবং তাঁর সফলতা কামনা করেন।
Leave a Reply