
সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বলেছেন, স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের জন্মগত অধিকার। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ২০ সেপ্টেম্বর শনিবার সকালে সাভারের শহীদ মজনু একাডেমি মাঠে তিনদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা রাজনীতিবিদরা শুধু মুখের কথায় আশ্বাস না দিয়ে কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে আমরা মানুষের কল্যাণে কাজ করি। সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি মুক্ত গ্রীন সাভার, ক্লিন সাভার গড়ে তোলা সম্ভব। ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনুস ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইউনুস উদ্দিন, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু। এছাড়া আয়োজকদের মধ্যে ছিলেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কমল চন্দ্র, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ছাত্রদল নেতা মোনতাসির নাবিল ও জোহায়ের আন্দালিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া পরিষদ ঢাকা মহানগরের সহ-সভাপতি প্রভাষক সোহাগ হাসান খান।
Leave a Reply