
সংবাদ ডেস্ক : সরকার ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে। একই সঙ্গে আগের সব নিয়োগ বাতিল করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের পৃথক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন আইন কর্মকর্তাদের কার্যকাল পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত।
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মধ্যে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার মরহুম শাহাব উদ্দিন খানের (মকর দারোগা) কনিষ্ট পুত্র ব্যারিস্টার শিহাব উদ্দিন খানও রয়েছেন। সাভার মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সদ্য সাবেক সভাপতি শিহাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান সিনেট সদস্য। সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব শিশু কানন একাডেমি ও সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্র। শিহাব বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত করা হলে অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তারা পদত্যাগ করেন। ৮ আগস্ট সুপ্রিম কোর্টেও সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়, যিনি বর্তমান সরকারের আইনমন্ত্রী। ১৩ আগস্ট আইনজীবী মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, মোহাম্মদ আরশাদুর রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হককে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে গত ২৩ জুন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামায়াতপন্থি হিসেবে ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেন। তাদের মধ্যে ছিলেন সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)।
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনে রাষ্ট্রের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে তারা একযোগে পদত্যাগের কথা জানিয়েছিলেন।
অ্যাটর্নি জেনারেল দপ্তরের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, নতুন নিয়োগের আগে সবমিলিয়ে সেখানে ৯৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ২১৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্বে ছিলেন।
বর্তমান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিন বারের সম্পাদক ছিলেন।
Leave a Reply