
সংবাদ রিপোর্ট: সাভারে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে এক শিক্ষার্থীকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সেলফি পরিবহনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ১২টি বাস আটক করেছে। ৬ মে বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইমন পরীক্ষা দিতে ধামরাই সরকারি কলেজে যাওয়ার পথে সেলফি পরিবহনের একটি বাসে ওঠেন। এ সময় স্টুডেন্ট ভাড়া নিয়ে কন্ট্রাক্টর ও হেলপারের সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে বাসটি ধামরাই থানার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভারের সুপার মেডিক্যালে ভর্তি করেন। খবর ছড়িয়ে পড়লে সহপাঠীরা ক্ষোভে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত সেলফি পরিবহনের ১২টি বাস আটক করে কলেজে নিয়ে যায়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার ওসি আরমান আলী জানান, সেলফি পরিবহন কর্তৃপক্ষকে ডাকা হয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply