
সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভার পৌরসভা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে। ৭ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার পর পৌরসভার ১নং ওয়ার্ডের বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার সদর থানার লক্ষীপুর এলাকার মৃত হবি খাঁর ছেলে মো. মনির খাঁ (৩৮) ও তার স্ত্রী শ্যামলী খাতুন (৩২)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ওমরের বাড়ির ভাড়াটিয়া ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি জালাল উদ্দিন।
Leave a Reply