
সংবাদ রিপোর্ট : অব্যবস্থাপনা ও দুর্গন্ধের কারণে সৃষ্ট ভোগান্তিতে আছেন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কে চলাচল করা যাত্রী ও আশপাশের বাসিন্দারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এলাকা দুর্গন্ধমুক্ত ও দৃষ্টিনন্দন করতে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রায় দুই দশক ধরে এলাকাটি ময়লঅর ভাগাড় ও দুর্গন্ধের কারণে পরিবেশ বিপন্ন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় রাস্তার দুই পাশ থেকে অবৈধভাবে ফেলা ময়লা অপসারণ করে নির্ধারিত ল্যান্ডফিলে স্থানান্তর করা হচ্ছে। পাশাপাশি বালি ও মাটি দিয়ে রাস্তার দুই পাশ ভরাট করে ঢাল (স্লোপ) তৈরি করা হচ্ছে, যাতে বৃষ্টির পানিতে মাটি ক্ষয় না হয়। সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাস্তার দুই পাশে নিম, সুপারি ও নারিকেল গাছ রোপণ করা হবে। এছাড়া নতুন করে যাতে কেউ ময়লা ফেলতে না পারে, সে জন্য রাস্তার দুই পাশে উঁচু বেড়া নির্মাণ এবং নিয়মিত নজরদারি জোরদার করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১১ জুলাই শনিবার সকালে মহাসড়কের পাশের অব্যবস্থানা নিরসন কার্যক্রম পরিদর্শন করেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমিন াজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কটি শুধু দুর্গন্ধমুক্তই হবে না, বরং একটি পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন পরিবেশে পরিণত হবে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ঢাকা জেলা প্রশাসক, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন।
উল্লেখ্য, গত ৭ জুলাই প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে আমিন বাজার-হেমায়েতপুর সড়কের পাশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় ও তীব্র দুর্গন্ধ পরিস্থিতি তার দৃষ্টিগোচর হয়। এ সময় তিনি তাৎক্ষণিক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ঢাকা জেলা প্রশাসককে দ্রুত ময়লার ভাগাড় অপসারণ করে এলাকাটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে কার্যক্রম শুরু হয়েছে।
Leave a Reply