
সংবাদ রিপোর্ট: রাজধানীর উপকন্ঠ সাভার-আশুলিয়ায় এক শ্রেণির প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমের নাম ব্যবহার করে লোকজনকে বিভ্রান্তি ও হয়রানি করে আসছে। প্রশাসন, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে টার্গেট করে পরিল্পিতভাবে তারা গুজব ও অপতথ্য ছড়াচ্ছে। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা ভুয়া আইডি ও পেজ খুলে অপতৎপরতা চালাচ্ছে। প্রতারক চক্র নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ধোকা দিতে অনেক প্রতিষ্ঠিত গণমাধ্যমের নামেও ভুয়া আইডি এবং পেজ খুলছে। পুলিশ এমন চক্রের কয়েকজনকে সনাক্ত করেছে।
এদিকে, ঢাকা জেলার সাভার থেকে প্রকাশিত সাভার সংবাদ পত্রিকার নাম ব্যবহার করেও ফেসবুকে একাধিক ভুয়া আইডি ও পেজ খুলে অপতথ্য চালানো হচ্ছে। এ ব্যাপারে ২৩ নভেম্বর সোমবার দুপুরে সাভার সংবাদ কর্তৃপক্ষ মডেল থানায় লিখিত অভিযোগ করেছে। পরে পুলিশ তদন্ত শুরু করেছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা, গুজব ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তদন্ত চলছে।
সাভার সংবাদের সম্পাদক কামরুজ্জামান খান বলেছেন, ‘আমরা পত্রিকা এবং অনলাইনে সব সময় তথ্য বহুল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছি। পাঠকের আস্থা অর্জন করায় একটি মহল এর সুনাম নষ্ট করতে নানা ধরনের অপচেষ্টায় লিপ্ত। এর ধারাবাহিকতায় বারবার ভুয়া আইডি খুলে অপতথ্য ছড়ানো হয়।’
তিনি বলেন, সাভারের পেশাদার সংবাদকর্মীদের এ ব্যাপারে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়া জরুরি। যদিও যোগ্য নেতৃত্বের সংকটের কারণে এই অঞ্চলের সাংবাদিকতা এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। মূল ধারার অনেকেই প্রতারক চক্রের সঙ্গি হিসাবে পরিচিত।
ঢাকা জেলা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, যারা এসব করছে তারা মূলত কোন গণমাধ্যমে কাজ করে না। তাদের মধ্যে অনেকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মিশে থাকে। উপজেলা পরিষদ এবং থানায়ও তারা যাতায়াত করে। অনেকে ভূমি অফিসে খাজনা-খারিজের দালালি করে। চক্রের সদস্যরা ভুয়া আইডিতে কারো বিরুদ্ধে আপত্তিকর কিছু পোষ্ট করে অর্থ আদায়ের ফাঁদ পাতে। অনেকে মামলা বাণিজ্যেও জড়িত। এমন কয়েকজনের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও সাভার সংবাদ-এর নামে একাধিকবার ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালানো হয়েছে।
Leave a Reply