
সংবাদ রিপোর্ট: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার সকালে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব মো. সালামত উল্লাহ রনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৬ জুলাই সোমবার সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার ৫ থেকে ১০ মিনিট আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জেনারেটরের মাধ্যমে সীমিত আলোর ব্যবস্থা করা হলেও সমাবেশস্থল অন্ধকারাচ্ছন্ন ছিল। রাত ৯টা ৪২ মিনিটে মঞ্চের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে শাহিন খন্দকার, জসিম, শাহাদৎ হোসেন, ডিবিসি নিউজের ক্যামেরাপারসন মজনু, এনপিবি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। এজাহারে দাবি করা হয়েছে, অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে সমাবেশে প্রাণহানি ও নাশকতার উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মো. নূরুল ইসলাম (৫২) ও মো. সজিব (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply