
সংবাদ রিপোর্ট: সাভার বাজার বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম। ১২ মে মঙ্গলবার বিকেলে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের খোঁজখবর নেন। এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত কষ্টের। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সবাইকে আরও সতর্ক ও সাবধানতা অবলম্বন করতে হবে। তিনি আরও বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করি না, মানবতার কল্যাণে রাজনীতি করি। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য। উল্লেখ্য, ১১ মে সোমবার রাত প্রায় ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ‘সাজ্জাদ পাদুকা’ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
Leave a Reply