
সংবাদ রিপোর্ট: বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে এসে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ২২ নভেম্বর শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সকালেই তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভুটানের প্রধানমন্ত্রী দর্শনার্থী খাতায় স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) পৌঁছান। ঢাকায় পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
Leave a Reply