
সংবাদ রিপোর্ট: সাভার পৌর এলাকার গেন্ডা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৩ কেজি পচা-বাসি গরুর মাংস জব্দ করা হয়েছে। পচা মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, মাংসের ক্রয়-বিক্রয়ের বৈধ রসিদ বা ভাউচার দেখাতে না পারা এবং ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ‘জাহাঙ্গীর হক গোস্ত ব্যবসায়ীকে’ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৪ আগস্ট সোমবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে গেন্ডা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি. এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে দোকানের পেছনে ককশিটের বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পচা-বাসি মাংসের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। পরে সেখান থেকে ৪৩ কেজি পচা-বাসি গরুর মাংস জব্দ করা হয়। এ ছাড়া দোকানে ঝুলিয়ে রাখা ও বিক্রির জন্য সংরক্ষিত মাংসের ক্রয় ভাউচার বা রশিদ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। ট্রেড লাইসেন্সও প্রদর্শনে ব্যর্থ হয় বলে অভিযানের তথ্য থেকে জানা যায়। অভিযানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অপরাধ স্বীকার করা হলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply