
সংবাদ রিপোর্ট: সাভারে ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় অবরোধে সড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরাত যাত্রীরা। ৩ মার্চ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় ওই পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে। বেলা সাড়ে ১১ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। পোশাক শ্রমিকরা জানান, বেতন ৯% হারে বাড়াতে হবে, হাজিরা বোনাস বৃদ্ধি করে ১ হাজার টাকা করার, রমজান মাসে ইফতারির বিল বাড়াতে হবে, বন্ধের দিন কাজ করালে ওভারটাইমের হারে বিল দিতে হবে। এছাড়াও ঈদ বোনাস বেতনের সম হারে প্রদান, বাৎসরিক ছুটির টাকা সম হারে দিতে হবে এবং ওভারটাইমের বকেয়া পাওয়া ও রমজান মাসে কর্মঘন্টা কমানো এবং কয়েক জন স্টাফের চাকরীচ্যুত করার দাবি জানায় শ্রমিকরা।
রাসেল নামে এক শ্রমিক জানায়, ‘ম্যানেজমেন্ট আমাদের সাথে খারাপ ব্যবহার করে।দুই মাস আগে আমরা ১৩ দফা দাবিতে আন্দোলন করি। সেসময় কারখানার কর্তৃপক্ষ সব দাবি মেনে নিয়েছে বলে জানায়। কিন্তু তারা মূলত ২ টা দাবি মেনে নিয়েছে আর কোনো কিছু মানে নাই। ম্যানেজমেন্টের যে পিডি ওনি হচ্ছে বাটপার। আজ আমরা যে রাস্তায় তার জন্য’ বলে দুঃখ প্রকাশ করে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছে বলে জানান তিনি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ,থানা পুলিশ ও সেনা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
Leave a Reply