
সংবাদ রিপোর্ট: সাভারে বাসচাপায় প্রত্যয় সরকার নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআপি) শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ঘাতক বাসচালক ও সহযোগীদের দ্রুত বিচারের দাবিতে কিছু সময় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। ২২ ডিসেম্বর রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় উভয় লেনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ১টা পর্যন্ত তারা মহাসড়কের উভয় লেন অবরোধ করে রাখেন। তারা প্রত্যয় হত্যার বিচার দাবি করেন। নিহত প্রত্যয় সরকার সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআপি) নার্সিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার মোড়ে ঠিকানা পরিবহনের একটি বাস প্রত্যয়কে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। শিক্ষার্থীরা বলেন, ঠিকানা পরিবহনের দ্রুতগতির একটি বাস প্রত্যয় সরকারকে চাপা দেয়। এটি একটি হত্যাকাণ্ড। এর সঙ্গে জড়িত ঘাতক বাসচালক ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। সাভার হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, আমরা রেড়িও কলোনী থেকে হেঁটে হেঁটে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।
Leave a Reply