
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা।১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তারা। সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত অবরোধ চলছিল।
অবরোধকারীরা জানান, সোমবার পোশাক কারখানার শেষ কর্মদিবস ছিল। ফলে শ্রমিকরা কাজ শেষে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন। এই সুযোগে বাসচালক ও হেলপাররা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া বন্ধ ও ন্যায্য ভাড়া কার্যকরের দাবিতে তারা সড়ক অবরোধ করেন। মুখলেস নামে এক যাত্রী বলেন, ১৭ বছর পর নির্বাচনে ভোট দেওয়ার আমেজ তৈরি হয়েছে। আমি ভোট দিতে জামালপুরে যাচ্ছি। যেখানে ভাড়া ৩০০ টাকা, সেখানে এখন ১ হাজার টাকা চাওয়া হচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া নিশ্চিত করার দাবি জানাই। পোশাক শ্রমিক আবুল কালাম সোহাগ বলেন, কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা ভোট দিতে বাড়ি ফিরছেন। কিন্তু বাসচালক ও হেলপাররা দ্বিগুণ ভাড়া দাবি করছেন। আগে রাজশাহী যেতে ৫০০ টাকা ভাড়া লাগত, আজ ১ হাজার টাকার বেশি চাওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়ার কারণে অনেক শ্রমিক বাড়ি ফিরতে পারছেন না, এতে ভোটারদের যাতায়াত ব্যাহত হতে পারে। সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, যাত্রীর চাপ বেশি থাকায় সড়কে ভিড় তৈরি হয়েছে। তবে অবরোধের বিষয়টি তাদের জানা নেই।
Leave a Reply