সাভারের ৮ ইউপিতে প্রশাসক ইউএনও , ৪টির দায়িত্বে প্যানেল চেয়ারম্যান
আপডেট সময় :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ রিপোর্ট : সাভার উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে প্রশাসক এবং ৪টি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ এ আদেশ দিয়েছেন। ঢাকা জেলা প্রশাসকের আদেশে বলা হয়েছে, সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কর্মস্থলে ধারাবাহিক অনুপস্থিতি এবং কোন কোন ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান উভয়ের অনুপস্থিতি বা তাঁদের দায়িত্ব পালনে স্থানীয়ভাবে অসন্তোষ সৃষ্টি/আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা, ইত্যাদি বিবেচনায় এবং ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসেবা প্রদান অব্যাহত রাখার স্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ১০২ (১) এর অধীন জারীকৃত স্থানীয় সরকার বিভাগের ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬,০০,০০০০,০০০,০১৭.১৯.০০৪৪.২২-৬৮৪ নং পরিপত্রের নির্দেশনার আলোকে নিম্নবর্ণিত ইউনিয়ন পরিষদসমূহের জন্য উপজেলা নির্বাহী অফিসার/প্যানেল চেয়ারম্যান-কে ইউনিয়ন পরিষদ পরিচালনার নিমিত্ত আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। সাভার উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকারকে ৮টি ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ইউনিয়নগুলো হলো শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, তেঁতুলঝোড়া, বনগাঁও এবং কাউন্দিয়া। সাভার উপজেলার বাকী ৪টি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন, সাভার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য আরিফ হোসেন, পাথালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম, আমিনবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য হাজী রিয়াজুল ইসলাম ও ভাকুর্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন।
Leave a Reply