সংবাদ রিপোর্ট: প্রতিষ্ঠার ৫৯ বছর পর প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আয়োজিত এ মিলনমেলায় স্মৃতিচারণ, আনন্দ-আড্ডা, আবেগ আর সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস। নবীন-প্রবীণ শিক্ষার্থীদের প্রাণের মিলনমেলায় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। বর্ণিল সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন আর সবুজের সমারোহে নতুন রূপে সেজেছিল সাভার সরকারি কলেজ প্রাঙ্গণ। সকাল থেকেই কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে অনেকেই স্মৃতির পাতায় ফিরে যান। পুরোনো বন্ধু ও সহপাঠীদের কাছে পেয়ে কেউ আবেগাপ্লুত হন, কেউবা একে অপরকে জড়িয়ে ধরে ভাগাভাগি করেন ভালোবাসা ও আনন্দের মুহূর্ত।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদের জন্য ছিল সুপরিকল্পিত আয়োজন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশদ্বারে রাখা হয় বিশেষ নজরদারি। পাশাপাশি নিবন্ধন অনুযায়ী অতিথিদের হাতে উপহারসামগ্রী তুলে দিতে ব্যস্ত ছিলেন স্বেচ্ছাসেবকেরা। উপহারের তালিকায় ছিল ক্যাপ, টি-শার্ট, স্মারকগ্রন্থ ও মগ।
কেউ পুরোনো দিনের স্মৃতিচারণে মেতে ওঠেন, কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলে ধরে রাখেন স্মরণীয় মুহূর্ত। দীর্ঘদিনের বিচ্ছিন্নতা ভুলে একে অপরের সঙ্গে কুশল বিনিময়, হাসি-আড্ডা আর আনন্দে কাটে সময়। শুধু প্রাক্তন শিক্ষার্থীরাই নন, বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণেও আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের উচ্ছ্বাসে পুরো ক্যাম্পাস যেন পরিণত হয় এক মিলনমেলায়।
সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো একজন মানুষকে জ্ঞানী করার পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধা যেন দেশ এবং মানুষের কল্যাণে কাজে লাগে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সম্পদ তার শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতা, মেধা ও সহযোগিতার মাধ্যমে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ধরনের পুনর্মিলনী নবীন ও প্রবীণদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা বাড়াবে।আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্বে বক্তারা সাভার সরকারি কলেজের দীর্ঘ পথচলা, শিক্ষা বিস্তার এবং অসংখ্য শিক্ষার্থীর জীবনে প্রতিষ্ঠানটির অবদানের কথা তুলে ধরেন। তাঁরা কলেজের ঐতিহ্য ধরে রাখা, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ শিক্ষাঙ্গন গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে বিকেলে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান ও নানা পরিবেশনায় মাতিয়ে তোলা হয় দর্শকদের। আনন্দ, উচ্ছ্বাস আর স্মৃতিময় মুহূর্তের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত সাভার সরকারি কলেজের ইতিহাসে ৫৯ বছর পর এবারই প্রথমবারের মতো এমন বর্ণাঢ্য পুনর্মিলনীর আয়োজন করা হয়। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং কলেজের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রিয় ক্যাম্পাসে ফিরে আসার এই আনন্দঘন মুহূর্ত প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতির পাতায় দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে। একই সঙ্গে এ আয়োজনের মধ্য দিয়ে সাভার সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে, তা ভবিষ্যতে কলেজের শিক্ষা, ঐতিহ্য ও সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারীদের।