সংবাদ রিপোর্ট: পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং বংশী নদীর জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২ আগস্ট রবিবার সকালে সাভারের বংশী নদীতে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এ সময় তিনি বলেন, একসময় নানা প্রজাতির দেশীয় মাছে সমৃদ্ধ বংশী নদী আজ প্রায় মাছশূন্য হয়ে পড়েছে। বর্তমান বিএনপি সরকার খাল খনন এবং নদী-নালা দখলমুক্ত করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বংশী নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত করে নদীতে দেশীয় মাছের প্রাচুর্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে যুবদলের স্থানীয় নেতাকর্মী, পরিবেশসচেতন ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন। এ সময় নদীতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। আয়োজকরা জানান, নদী দখল, দূষণ এবং অপরিকল্পিত মাছ আহরণের কারণে দেশীয় মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। তাই নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও পরিবেশবান্ধব এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নদী দূষণ রোধ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।