সংবাদ রিপোর্ট: টানা দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল থেকে বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সকাল সাড়ে ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডা গ্রুপের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে সড়কে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা আশপাশের বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নেন। এদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একেএইচসহ কয়েকটি কারখানার শ্রমিকরা সেখানে অবস্থান নিয়েছেন বলে জানান সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, বেলা ১১টার দিকে ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩ (১) ধারায় ৮টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া ৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৫টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। গত দুই দিন পরিস্থিতি শান্ত থাকায় শিল্পাঞ্চলে বন্ধ থাকা কারখানার সংখ্যা কমেছে বলে জানিয়েছে শিল্প পুলিশের একটি সূত্র। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।