সংবাদ রিপোর্ট: সাভারে শৈল্পিকের আয়োজনে মহাসমারোহে উদযাপিত হয়েছে শুভ মহালয়া। এর মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষের গণনা, ছড়িয়ে পড়েছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। শারদীয় দুর্গোৎসবের সূচনা ও দেবীর আগমনকে স্বাগত জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে চিত্রাঙ্কন, গান, নৃত্য ও অভিনয়সহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশ নিতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন অভিভাবকেরা। অনুষ্ঠানে অসুর বধের দৃশ্যের স্থিরচিত্র উপস্থিত দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। সাভারে শৈল্পিকের এ আয়োজন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও উৎসবপ্রেমীদের মধ্যে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।