সংবাদ রিপোর্ট: সাভারে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় একটি মাইক্রোবাস, পাঁচটি বাঁশের লাঠি ও একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ২০ সেপ্টেম্বর রবিবার সকাল ৮টা ১০ মিনিটে সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকার চৌধুরী পেট্রোল পাম্পের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানায়, প্রায় ৪০ থেকে ৫০ জন ব্যক্তি তিনটি মাইক্রোবাসে করে সেখানে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও একটি মাইক্রোবাস সহ ৭ জনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজু, আনোয়ার হোসেন, রুহুল আমিন রাজীব, মো. আরিফুল হোসেন, মোহাম্মদ আলী, মো. মুরাদ হোসেন ও শেখ তুহিন।পুলিশের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজু, রুহুল আমিন রাজীব, মো. আরিফুল হোসেন, মোহাম্মদ আলী ও মো. মুরাদ হোসেন যুবলীগের কর্মী। আনোয়ার হোসেন কৃষক লীগের সদস্য এবং শেখ তুহিন সাভার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলমের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম।