সংবাদ রিপোর্ট: সাভার পৌর এলাকার রাজাসনের ঘাসমহল এলাকায় ২২ আগস্ট শনিবার মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ নারী-পুরুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাবেশে মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে নজরুল ইসলাম বলেন, ‘মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ এ সময় উপস্থিত সবাই মাদকের বিরুদ্ধে ঐকমত্য পোষণ করেন এবং রাজাসন এলাকা থেকে মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।পরে মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।