সংবাদ রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার সাভার পৌরসভার ব্যাংকটাউন, নামাগেন্ডা ও মধ্যগেন্ডা এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মনজুরুল ইসলাম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ঢাকা-১৯ আসনের প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ পরিচালনা করেন। গণসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের হাতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের স্টিকারও লাগানো হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক ফালান, স্থানীয় নেতাকর্মী এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।