সংবাদ রিপোর্ট: সাভারে ৭ তলা লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে সবুরা বেগম (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের রহস্যময় মৃত্যু হয়েছে। ২৩ আগস্ট রবিবার বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লার সুব্রত সাহা'র ৮ তলা ভবনের ৭ তলায় লিফট জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। নিহত সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার রফিক হোসেনের স্ত্রী। সে দীর্ঘদিন যাবত ওই নির্মাণাধীন ভবনে কাজ করতেন। ভবনের ঠিকাদার বুধু মিয়া জানান, আজ কেউ কাজে যায়নি। তবে সবুরা ওই বাড়িতে মালিকের কাজ করতেন। তাই সে আজকে কাজে গিয়েছিল। কিন্তু হঠাৎ সন্ধ্যার দিকে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় সবুরাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের স্বামী রফিক জানান, সুব্রত নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে কাজ করতো। প্রতিদিনের মতো আজও সকালে ওই বাড়িতে কাজ করতে যান। পরে দুপুরে বাসায় খেতে আসে এবং আবার ওই বাসায় কাজ করতে যায়। পরে সন্ধ্যায় এক শ্রমিক ফোন দিয়ে বলে আমার স্ত্রী লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে মারা গেছে বলে জানান তিনি। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করে জানা যায়, লিফট লাগার জন্য মালিক জায়গা রেখে ছিল। সেই ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান।