স্পোর্টস ডেস্ক : ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানে সাভারের কলমা এলাকায় সেলিম ফুটবল একাডেমি নামে একটি ক্রীড়া সংগঠনের জার্সি উন্মোচন ও উদ্বোধন হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সাভার ইউনিয়নের কলমা ওয়াজ আলী স্কুল মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাইদ হাসান কানন এ একাডেমির শুভ সূচনা ঘোষণা করেন।
সাভার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন, মো. সোহেল রানা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কারিগরি বিভাগের সমন্বয়কারী মাহবুব আলম পলো, সাভার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী পরিচালক সুজিত কুমার চন্দন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার ও স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ হোসেন।
ফুটবল একাডেমির স্বত্বাধিকারী মো. সেলিম আহমেদ বলেন, ফুটবল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমি ছোটবেলা থেকেই একজন ফুটবল প্রেমী মানুষ। নিজেও একসময় নিয়মিত ফুটবল খেলতাম। সেই ভালোবাসার জায়গা থেকেই আজকের এই একাডেমি। আমরা আমাদের এই একাডেমিতে শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধারও ব্যবস্থা রয়েছে যাতে দেশের অত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রাও এখানে খেলা শিখতে পারে। ফুটবলের উন্নয়নের যার যার অবস্থান থেকে এগিয়ে এসে বেশি বেশি ফুটবল একাডেমির প্রয়োজন। এখান থেকেই বাংলাদেশে বড় বড় খেলোয়াড়ের জন্ম হবে। ফুটবলের উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে সার্বিক ভাবে সহযোগিতা প্রদান করা হবে।