সংবাদ রিপোর্ট: সাভারে পার্ক করে রাখা ‘সাভার পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ২১ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা ৫৫ মিনিটে পার্ক করা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আগুনে বাসটির সিটের কিছু অংশ পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।